শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

কবিতা

ছড়ায় থাকুক 

সাকী মাহবুব 

ছড়ায় থাকুক দোয়েল পাখি

ছড়ায় থাকুক ফিঙে 

ছড়ায় থাকুক কলমিলতা 

ছড়ায় থাকুক ঝিঙে। 

 

ছড়ায় থাকুক শীত-বর্ষা

ছড়ায় থাকুক গরম 

ছড়ায় থাকুক হাসি-কান্না

ছড়ায় থাকুক শরম।

 

ছড়ায় থাকুক ভালোবাসা 

ছড়ায় থাকুক আদর

ছড়ায় থাকুক জৈষ্ঠ্য আষাঢ় 

ছড়ায় থাকুক ভাদর। 

 

ছড়ায় থাকুক নদী-নালা 

ছড়ায় থাকুক বিল

ছড়ায় থাকুক হাওর-বাওড় 

ছড়ায় থাকুক ঝিল।

 

 

নতুন বাংলা 

সোহান মেহরান 

দেশ সাজানোর অঙ্গীকারে

হাত তুলেছি সবে,

সত্য স্বাধীন ইনসাফের এক

নতুন বাংলা হবে।

 

মোহের পিছে পড়বে না কেউ 

অসাধু পথ ধরবে না কেউ,

নির্বিচারে মরবে না কেউ 

সাম্য প্রীতির ভবে,

নতুন আশার রোশনিতে রোজ

আলোকিত রবে।

 

প্রতিশ্রুতির প্রবল বেগে

জঞ্জালেরা ছুটবে ভেগে। 

ঘুমন্ত মন উঠবে জেগে, 

সুখের কথা কবে, 

সকল জাতির জন্যে নতুন 

সোনার বাংলা হবে।

 

পাখির ছানা

আবদুল লতিফ 

বৃষ্টি এলে পাখির ছানা 

গান ধরে ধিন তা-না-না-না

বসে পাতার ফাঁকে 

চিঁচিঁ সুরে ডাকে। 

 

পোকামাকড় ধরে ধরে 

নিয়ে আসে নিজের ঘরে

মা পাখিটা রোজ 

ছানা পাখির ভোজ।

 

ধীরে ধীরে উড়তে শেখে 

উড়তে শেখে মা'কে দেখে

পাখায় দিয়ে ভর 

ছাড়ে তখন ঘর।

 

 

শরৎকালে

সরোয়ার রানা

দোয়েল পাখি আছে বসে

বকুল গাছের ডালে

মনের সুখে গান গেয়ে যায়

রঙিন শরৎকালে।

 

বিকেলেরই স্নিগ্ধ হাওয়া

ঘরকে বাহির করে

ধানের ক্ষেতে পাগলা হাওয়া

মন থাকে না ঘরে।

 

শিউলি ফোটে বকুল ফোটে

বনফুলের মেলা

নীল আকাশে মেঘের ভেলা

করতে থাকে খেলা।

 

শান্ত দীঘল দিঘির জলে

শাপলা আছে ফুটে

হাওয়ার দোলায় শাপলাগুলো

নড়েচড়ে ওঠে।

 

ছোট্ট ছেলে সাতসকালে

তালতলাতে যায়

শাপলা তুলে দূষ্টু ছেলে

ভারি মজা পায়।

 

শরৎ চিঠি

ছাবিলা ইয়াছমিন মিতা

ঐ আকাশে মেঘের ভেলা

সবুজ ছায়াবীথি, 

কার ডাকেতে শরৎ এলো

কে পাঠালো চিঠি ? 

 

সবুজ ঘাসে শিশির কণার

আলতো পরশ মেখে, 

ইলশেগুঁড়ি বৃষ্টি নিয়ে

কে পাঠালো ডেকে ? 

 

কে পাঠালো শরৎ কে ঐ

শিউলি বকুল তলে,

নদীর কুলে কাশের ফুলে

রোদের কোলাহলে ? 

 

শ্বেত বলাকার মুক্ত ডানা

সাদা মেঘের সারি,

কার পরশে দিচ্ছে ওরা 

অজানাতে পাড়ি ? 

 

শুভ্র মেঘে লিখছে চিঠি

সবুজ পাতার ফাঁকে,

ঋতু রানী শরৎ এলো

প্রভুর কারুকাজে। 

 

বৃষ্টি পড়ে

আফিয়া নাওয়ার

বৃষ্টি পড়ে টিনের চালে 

ঝুমুরঝুমুর ঝুম

বৃষ্টি পড়ে খুকির গালে

নাচানাচির ধুম।

 

বৃষ্টি পড়ে পুকুরপাড়ে 

ডাকছে কোলাব্যাঙ

বৃষ্টি তালে বাড়ছে শুধু 

ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।

 

আমরা কুঁড়ি

মুহিব্বুল্লাহ ফুয়াদ 

আমরা অবুঝ নতুন কুঁড়ি

সবুজ পাতার মতন 

আমরা তো চাই দেশের সবাই

করবে আদর যতন।

 

আমরা যদি ফুটতে পারি

সবার যতন পেয়ে

ঘ্রাণ ছড়িয়ে করবো মুখর

নিত্য নতুন গেয়ে।

 

আমরা যদি ফুটতে পারি 

ছড়িয়ে জ্ঞানের আলো

বিদূরিত করবো দেশের

সকল বিপদ কালো।

 

রাঙাবো এই দেশের মাটি

সাজিয়ে ফুলের মতন 

আমরা কুঁড়ি তাই আমাদের

করো সবাই যতন।

 

 

চাঁদের দেশে

শেখ সালমান শাহী  

দূরে খুকির বিয়ে ঐ 

চাঁদের দেশের গাঁয় 

যেতে হবে রকেট চড়ে 

নাই বা হেঁটে পায়। 

 

উড়ে চলা অনেক মজা

শূন্যে মেঘের ভাঁজে 

খোকা-খুকি সেই আনন্দে

নতুন করে সাজে।

অনলাইন আপডেট

আর্কাইভ