শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

কবিতা

তোমার সঙ্গে একটা সম্পর্ক চাই
আবদুল হালীম খাঁ

এক.
তোমার নামের পাশে লিখে আমার নাম
আমার জীবনের বাড়াতে চাই কিছু দাম
তুমি রয়েছো জুড়ে আমার হৃদয় তামাম।

দুই.
তুমিই বানিয়েছো আমাকে শিল্পী কবি
আমার কবিতায় আঁকতে চাই তোমার ছবি
আমার আকাশে তুমি দীপ্ত এক রবি।

তিন.
তোমার সঙ্গে সম্পর্ক রেখে ধন্য হতে চাই
তোমার কাছে আমার আর কোনো দাবি নাই
ভালোবাসা অথবা ঘৃণা যা দেবে নেবো তাই।

অস্ত্রভাণ্ডার ও শস্যভাণ্ডার
জাকির আবু জাফর

কাউকে তলিয়ে যেতে দেখলেই মানুষের বড় সুখ
বড় আনন্দে ঘাড় উঁচিয়ে দেখে অন্যের পরাজয়
অগ্রসরমান পায়ে শেকল পরানোর সাধ কি মানুষের পাশবিক নয়!
সব জিব শুকিয়ে নিজের জিব জবজবে করার কাংখা মানুষকে
নামায়নি চতুষ্পদীরও নীচে!
তখন মানুষ কি আর মানুষ থাকে বলুন?

না আমি মানুষের প্রতি অবিশ্বাসী নই!
কিন্তু বলুন তো - ধ্বংসের পক্ষে মানুষের যত আয়োজন
তার কত সিঁকি সৃষ্টির পক্ষে গড়েছে মানুষ!
মারণাস্ত্রের ভাণ্ডার যত, শস্যভা-ার ততো এবং ততোটাই কি সংরক্ষিত !
আণবিক গুদামের কথাই ধরুন
তুলনায় খাদ্যগুদামগুলো কতই না দরিদ্র!

পৃথিবীর ক্ষমতাধর চোখগুলো তবুও অস্ত্রভাণ্ডারের বপুর দিকে জ্বলজ্বলে
ফুলিয়ে ফাঁপিয়ে একে মানবজাতির চেয়ে বৃহত্তর করার খাহেশে বীভৎস
কে কাকে ফুৎকারে নিভিয়ে নিঃশেষ করে, সে বাতাস খোঁজে দু ঠোঁটের জিম্মায়

মানুষের দিক থেকে কী অনায়াসে মুখ ফিরিয়ে নেয় মানুষ!!

ঢেউ খেলে যায়
আবুল খায়ের বুলবুল

দুখের বিস্তীর্ণ ভাষার তাপে জ্বলে বিশুষ্ক বুকের জমিন
রেণু শূন্য হৃদ ফসলের শোনা যায় আর্তচিৎকার
কোন মধুমক্ষিকা পাখা ঝাপটিয়ে ওড়োউড়ি করে না এখানে এখন
চারদিকে দেখি যেন ধূ ধূ শূন্য হাহাকার
এখানের কোন মাটির খন্ডে নেই কোন সবুজ ঘাস
দুঃখ তাপের প্রহারে ওরা প্রায় নিঃশেষ
এখানে ফড়িং খেকো কোন বুভুক্ষু শালিকের নেই ওড়োউড়ি
প্রজাপতি ডানা ঝাপটিয়ে উড়ে না খাঁখাঁ এই বিরাণ ভূমিতে
নিস্তব্ধ নীরবতায় ভাঙে চারধার
মেঘহীন বিশাল আকাশ কাছ থেকে দেখা যায়
মরুর মরীচিকা ঢেউ খেলে যায়।

কে-তুমি
হাফিজুর রহমান

ইচ্ছে করে,
আমাকে বদলিয়ে আমি তোমার হয়ে যাই!
সেই রকমের, ঠিক যে-রকমটা তুমি চাও;
আফসোসে পড়বে না - পোড়ানো দীর্ঘশ্বাস।

অপূর্ণ থাকবে না কোন শর্ত
অসম্পূর্ণ থাকবে না- বাসনা বিলাসের,
যে কোন ধরনের ছোট্ট হলেও প্রত্যাশার;
ঘার লাগাতে হলেও চাই, উচ্চাসনে বসাতে।

ইচ্ছে আছে- কেচ্ছা অনেক!
অনেক দিনেও চিনতে পারিনি তোমাকে;
তুমি আসলে কেমন, কী-রকমের দেখতে?


অনলাইন আপডেট

আর্কাইভ