শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

কবিতা

খাঁ খাঁ
আকিব শিকদার

আমার এই খাঁ খাঁ বুকে মুখ লুকাবার
সে তো রইলো না
আমার রংচটা আম কুড়ানোর দিন ফিরিয়ে দেবার
সে তো রইলো না
যার এলোচুলে খেলা করে শৈশবের প্রজাপতি
যার ঘাসে ঢাকা সবুজ বুকে নাক ঘসেছি আমি
সে তো রইলো না, সে তো রইলো না।

কে আমায় ফিরিয়ে দেবে চুরি যাওয়া কৈশোর
লাটাই ঘুড়ি
কে আমায় নিয়ে যাবে কাশবনের সাদা সমুদ্রে
বাহুতে ধরি
যার নিঃশ্বাসে বিরাজিত বৃষ্টির গন্ধ
যার দৃষ্টিতে কাজল দীঘির গহিনতা দেখেছি আমি
সে তো রইলো না, সে তো রইলো না।


অনন্তকালের নদী
ফজিলা ফয়েজ
অনন্তকাল ধরে নীরব যন্ত্রণা বুকে ধারণ করে বয়ে চলছে দুঃখের নদী
গিরিখাত থেকে পাহাড় হতাশার উপত্যকা ভেদ করে।
মৃদু ঢেউয়ে প্রশান্ত বাতাসে হু হু করে গাইছে দুঃখের গান।
স্রোতে অজানা গল্প বুনেছে দীর্ঘকালের কালের যাত্রায়।


স্বপ্নের দিন এবং অন্যান্য
আহাম্মদ উল্লাহ
একটি স্বপ্ন বুনন করি- আমাদের সংসার নিয়ে।
নগর-বন্দর পেরিয়ে, যান্ত্রিক জীবন ছেড়ে-
আমাদের সংসার হবে।

তোমাকে ভালোবাসার পর-সংসার নিয়ে স্বপ্ন দেখি।
দীর্ঘ ক্লান্তি, হতাশা, বেদনা ঝরে গেছে দেহ থেকে।

পৃথিবী প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত হচ্ছে-"ছিনিয়ে নেওয়ার যুদ্ধ"
আমরা এক হতে চাই,
অজস্র মানুষ চায় না-তোমাকে আমি পাই।
আমি প্রতিদিন যুদ্ধ করি; তাদের সাথে।

আমরা প্রতিদিন যুদ্ধ করি- স্বপ্ন, বাস্তবতা, দুঃস্বপ্ন নিয়ে।


বুকে হুতামার আগুন
মান্নান নূর
একা নই, কৈবর্তের বিদ্রোহ আছে মনে
একা নই, যদি ভাবো
তবে দেখে নাও বাঁশের কেল্লার ধোঁয়া
লোবানের ঘ্রাণ ভেবে সঙ্গে রাখি সনে
আমি একা নই।

একা নই আমি, সাহস আছে
আমার পৌরুষে খোঁজ শাহজালালের আজান
ষাট গম্বুজের তারা
একা নই।

একা নই একা, ছিলাম না কখনো
দুর্বল ভেবো না আমায়
আমার কণ্ঠে দেখো
হাত উঁচু করা তর্জনীর গান
এই চোখে বায়ান্নের আগুন
বুকে পলাশীর রক্তাক্ত প্রান্তর।

এসো না, এলে পুড়িয়ে দিবো
বুকে দাউ দাউ হুতামার আগুন।

শীতের সন্ধি
অনিরুদ্ধ সাজ্জাদ
শীতের শরীরে জমে আছে থমথমে নীরবতা,
যেন জমাট বাঁধা সাদা বিষাদ,
পাতা ঝরে পড়ে নিঃশব্দে, মাটির বুকে
আঁকে বিদায়ের অলংকার, নিভৃত উৎসব।
তোমার আমার মুখোমুখি দাঁড়িয়ে থাকা
যেন এ শীতেরই ভাষা,
কিছু বলা নেই, শুধু নির্জনতাকে
বয়ে বেড়ানোর অলিখিত চুক্তি সব।

শুভ্র কুয়াশায় ঢাকা আকাশের নিচে
জীবন যেন হিমশীতল নদী, বয়ে চলে,
কোথাও থেমে থাকার মায়া,
কোথাও বাঁকে জমে থাকা স্মৃতি।
বুকের গভীরেও শীতের স্পর্শ, তবু জানি,
এই স্তব্ধতার ভেতরে আছে অপেক্ষা
আর রং ফিরে পাওয়ার মৌন প্রতিশ্রুতি।

অনলাইন আপডেট

আর্কাইভ